সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুইদিন পর বৃদ্ধা মায়া রানী শীলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি বালু পয়েন্টের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মায়া রানী শীল উল্লাপাড়া উপজেলার ঘাটিনা পালপাড়া গ্রামের মৃত বিষ্ণু পদ শীলের স্ত্রী।
উল্লাপাড়া ফায়ার সার্ভিস ষ্টেশনের ফায়ার ফাইটার জাহিদুল ইসলাম বলেন, ‘গত ২ জুন বিকাল ৪টার দিকে বাড়ির পাশে করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হন মায়া রানী শীল। খবর পেয়ে আমরা উদ্ধার কাজ শুরু করি। বুধবার ডুবুরি দল এসেও উদ্ধার অভিযান চালায় কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ সকালে শাহজাদপুর উপজেলার গাড়াদহ এলাকায় নদীতে তার মরদেহ ভেসে উঠলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।’
এ বিষয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনগত পদক্ষেপ শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


