ঈদের আনন্দ ভাগাভাগি আর পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়ির পথে রওনা হতে শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। ঈদের ছুটি ঘোষণার পর থেকেই ধীরে ধীরে ফাঁকা হয়ে উঠছে ক্যাম্পাস।
রোববার ভোর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে ব্যাগ ও লাগেজ হাতে শিক্ষার্থীদের ব্যস্ততা চোখে পড়ে। ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় আবাসিক হলগুলো ছাড়তে শুরু করেছেন তারা। কেউ অটোরিকশা, কেউ মোটরবাইকে করে বাস, ট্রেন কিংবা লঞ্চ টার্মিনালের উদ্দেশে রওনা দিচ্ছেন প্রিয়জনদের কাছে ফিরতে।

ঈদের ছুটিকে ঘিরে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে অধিকাংশ হলের ক্যান্টিন ও আশপাশের খাবারের দোকান । ফলে স্বাভাবিক সময়ের কোলাহলও অনেকটাই কমে এসেছে ক্যাম্পাসে।
মল চত্বর, টিএসসি ও কার্জন হল এলাকা, যেখানে সাধারণত দিনভর শিক্ষার্থীদের ভিড় থাকে; সেখানেও এখন নেমে এসেছে নীরবতা। একইভাবে নীলক্ষেত ও শাহবাগ এলাকাতেও বড় ব্যাগ ও লাগেজ হাতে শিক্ষার্থীদের বাড়ির পথে রওনা হতে দেখা গেছে।

এর আগে বৈশ্বিক সংকট মোকাবিলায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গত সোমবার থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হয়েছে। তবে এখনও কিছু শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করছেন। কেউ কয়েকদিন পর বাড়ি যাবেন, আবার কেউ ঈদ উদ্যাপন করবেন ক্যাম্পাসেই।
ঈদের ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। তখন আবার প্রাণচাঞ্চল্যে ভরে উঠবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেনা ক্যাম্পাস।


