দুই বছরের বিরতি শেষে আবারও বড় পর্দায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় নির্মিত থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’-এর মাধ্যমে তার এই প্রত্যাবর্তন।
অপু বিশ্বাস জানিয়েছেন, ‘দুর্বার’-এর শুটিং বর্তমানে দ্রুতগতিতে এগিয়ে চলছে। তার অংশের প্রায় ৪০ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং খুব শিগগিরই বাকি অংশের শুটিংও সম্পন্ন হবে। এই সিনেমা নিয়ে তিনি দারুণ আশাবাদী। তার ভাষায়, গল্পের সঙ্গে অ্যাকশন, থ্রিল ও বিনোদনের মিশেলে দর্শকের জন্য থাকছে বেশ কিছু চমক।
দীর্ঘ সময় পর ক্যামেরার সামনে ফেরার অনুভূতি জানাতে গিয়ে অপু বিশ্বাস বলেন, সিনেমাই তার পরিচয়ের মূল ভিত্তি। চলচ্চিত্রের মাধ্যমেই তিনি দর্শকের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন। তাই সময় নিয়ে হলেও একটি ভালো সিনেমা দিয়ে ফিরতে পারায় তিনি ভীষণ আনন্দিত।
‘দুর্বার’-এ অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সজল। শুরু থেকেই তার সঙ্গে কাজের অভিজ্ঞতা ইতিবাচক বলে জানান অপু। দর্শক তাদের একেবারে নতুনভাবে দেখতে পাবেন বলেও তিনি আশা প্রকাশ করেন। এমনকি সজলকে নিজের ‘ড্রিম হিরো’ বলতেও কোনো দ্বিধা নেই তার।
তবে সিনেমায় নিজের চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত জানাতে চাননি অপু বিশ্বাস। তার কথায়, পুরো কাজ শেষ হলে সবকিছু প্রকাশ করবেন। দেরিতে সিনেমায় ফেরার ব্যাপারে তার কোনো আক্ষেপ নেই বলেও জানান তিনি। ভালো কাজের অপেক্ষাতেই তিনি সময় নিয়েছেন, আর ঠিক যেভাবে তিনি চেয়েছিলেন, সেভাবেই একটি ভালো সিনেমা তৈরি হচ্ছে বলে বিশ্বাস করেন।


