দেশে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এ সময় নতুন করে ৮৩৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এ মৃত্যু ও আক্রান্ত রেকর্ড করা হয়।
রোববার দেওয়া স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী, এতে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯২৯ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮২ জন।
ডিজিএইচএসের তথ্যমতে, নতুন আক্রান্তদের মধ্যে ৫৩০ জন পুরুষ এবং ৩০৮ জন নারী। শেষ খবর পাওয়া ৫ জন মৃতের বয়স ২৬ থেকে ৫০ বছরের মধ্যে।
নতুন আক্রান্তের মধ্যে সর্বোচ্চ ১৫৯ জন শনাক্ত হয়েছে সিটি করপোরেশন ব্যতীত ঢাকা বিভাগে। বরিশালে ১১৭ জন, চট্টগ্রামে ১০০, খুলনায় ১৫৯, ময়মনসিংহে ৭৯, রাজশাহীতে ৭১, রংপুরে ২৩ এবং সিলেটে তিনজন শনাক্ত হয়েছে।
সর্বশেষ পাঁচজনের মৃত্যুর মধ্যে সিটি করপোরেশন ব্যতীত ঢাকা বিভাগে তিনজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছেন।
ডিজিএইচএসের তথ্যে দেখা যায়, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ২৬ হাজার ৮৯৬ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এবং বর্তমানে ১ হাজার ৯৫১ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছরে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, এর পরেই রয়েছে বরিশাল ও চট্টগ্রাম। বরিশালে ৪ হাজার ৯৯০ জন, চট্টগ্রামে ৪ হাজার ৫৮৯, সিটি করপোরেশন ব্যতীত ঢাকা বিভাগে ৩ হাজর ৮০৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩ হাজার ৬৩৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩ হাজার ৯৫৩, খুলনায় ৪ হাজার ১২০, ময়মনসিংহে ১ হাজার ৪৬৯, রাজশাহীতে ১ হাজার ৪৪৬, রংপুরে ৭৬৯ এবং সিলেটে ১৫১ জন আক্রান্ত হয়েছেন।
ডিজিএইচএসের রিপোর্ট অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত আগস্ট মাসে সর্বোচ্চ ১৩ হাজার ৬১৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, এর পরেই জুলাই মাসে ছিল ৯ হাজার ২০৬ জন।
ডিজিএইচএসের তথ্য অনুযায়ী সাম্প্রতিক মাসগুলোতে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যাও বেড়েছে, যেখানে জুলাই মাসে ৩৬ জন এবং আগস্টে এ পর্যন্ত ২৮ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
ডিজিএইচএসের তথ্যের ওপর ভিত্তি করে প্রচারিত খবর অনুযায়ী, আগস্টে ডেঙ্গু সংক্রমণের তীব্র বৃদ্ধির মধ্যে এই সর্বশেষ পরিসংখ্যানটি এসেছে। ২৩ আগস্টের মধ্যেই আক্রান্তের সংখ্যা গত বছরের একই সময়ের পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে।


