দেশের সব জেলায় পর্যায়ক্রমে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, প্রকল্পের আওতায় ইতোমধ্যে ২৬টি জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হয়েছে।
শনিবার ময়মনসিংহ নগরীর শিকারীকান্দায় বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গণমাধ্যমে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হবে। গণমাধ্যমের স্বাধীনতা বজায় থাকবে।’ তবে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘অনেক উন্নয়ন প্রকল্প অতীতে দুর্নীতির কারণে বাস্তবায়ন হয়নি। তবে তথ্য কমপ্লেক্স নির্মাণে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। কেউ প্রকল্পের নামে বা প্রভাব খাটিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
তথ্য কমপ্লেক্সে স্থানীয় সাংবাদিকদের জন্য সুযোগ-সুবিধা রাখার কথাও জানান প্রতিমন্ত্রী। জরাজীর্ণ প্রেসক্লাবগুলোর বিকল্প হিসেবে এই কমপ্লেক্সের একটি অংশ লিজ দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে তথ্য সচিব মাহবুবা ফারজানা বলেন, তথ্য কমপ্লেক্সগুলো গুজব ও অপতথ্য প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাংবাদিকদের সঙ্গে জনগণের সংযোগ আরও জোরদার করবে।
প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এ কমপ্লেক্সে থাকবে অফিস, লাইব্রেরি, ইন্টারনেট ক্যাফে, নিউজরুম, ডিজিটাল আর্কাইভ, কনফারেন্স রুম, কালার ল্যাব ও সিনেপ্লেক্সসহ আধুনিক সুবিধা। প্রকল্পটি ১৮ মাসে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে এম ফজলল হক ভুইয়া, গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান এবং জেলা প্রশাসক মো. সাইফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।


