ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বড়দিন উপলক্ষে বুধবার দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, যীশু খ্রিষ্ট মানুষে মানুষে সম্প্রীতির মহাবার্তা নিয়ে পৃথিবীতে এসেছিলেন এবং সব ধর্মের মূল কথাই হলো মানুষের সেবা ও কল্যাণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও দশের কল্যাণে একযোগে কাজ করতে হবে।
তারেক রহমান বলেন, শুভ বড়দিন খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, আর এ উপলক্ষে বাংলাদেশসহ সারা বিশ্বের খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। খ্রিষ্টান সম্প্রদায়ের প্রত্যেকের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন তারেক রহমান।
তিনি বলেন, ক্ষমা, করুণা ও মানবপ্রেমের দিশারী মহান যীশু খ্রিষ্ট এই দিনে পৃথিবীতে আবির্ভূত হন, যা খ্রিষ্টান ধর্মাবলম্বীদের কাছে দিনটিকে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত করেছে।
বাণীতে তিনি উল্লেখ করেন, বিশ্বের একটি বড় জনগোষ্ঠী যীশু খ্রিষ্টের ধর্ম ও দর্শনের অনুসারী এবং যুগে যুগে মহামানবরা নিঃস্বার্থ আত্মনিবেদনের মাধ্যমে মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলার দিশা দেখিয়েছেন।
তিনি বলেন, তারা মানুষকে অনুপ্রাণিত করেছিলেন অসত্যের বিনাশ সাধন করে নৈতিক উৎকর্ষ অর্জনের মাধ্যমে সমষ্টিগত সুখময় জীবন গড়ে তুলতে, আর মহান যীশু খ্রিষ্টও একইভাবে তার অনুসারীদের মানবপ্রেমে উদ্বুদ্ধ করেছেন।
তারেক রহমান আরও বলেন, শুভ বড়দিন একটি সর্বজনীন ধর্মীয় উৎসব এবং বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে সব ধর্মের মানুষ আবহমানকাল ধরে স্বাধীনভাবে ও আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে।
তিনি বলেন, যীশু খ্রিষ্ট মানুষকে ভালোবাসতে এবং সেবা, ক্ষমা ও ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছেন।
বাণীতে তিনি হিংসা-বিদ্বেষ ও আক্রোশ পরিহার করে সমাজে শান্তি ও স্থিতি প্রতিষ্ঠা এবং সব ধরনের অবিচার ও নির্মমতা প্রতিরোধের শপথ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতি আরও মজবুত করতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় থেকে শুরু করে সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত নানা সমস্যায় পৃথিবীর মানুষ আজ নানাভাবে বিপর্যস্ত।
তিনি বলেন, মহামানবদের জীবনদর্শন যথাযথভাবে উপলব্ধি করতে পারলেই মানবজীবনে ন্যায়নীতি, শান্তি ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব, আর এর মাধ্যমেই স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা যাবে।


