আগামী একশ বছরে বাংলাদেশ কোন পথে যাবে সেটা ত্রয়োদশ নির্বাচন নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন মৌলভীবাজারের নতুন জেলা প্রশাসক (ডিসি) তৌহিদুজ্জামান পাভেল।
মৌলভীবাজারে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোববার বিকালে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমি নির্বাচনের বোঝা মাথায় নিয়ে এখানে এসেছি। এ নির্বাচন আর দশটা নির্বাচনের মতো না। অনেকেই হয়তো জানেন, এবার এক সাথে দুইটা নির্বাচন হওয়ার কথা। গণভোট হওয়ার কথা। পাশাপাশি জাতীয় নির্বাচন হওয়ার কথা।’
‘এটা একদিনের নির্বাচন না, শত বছরের নির্বাচন। সামনের একশ বছর বাংলাদেশ কোন পথে যাবে সেটা সিলেকশন (নির্ধারণ) করার নির্বাচন। সুতরাং পাঁচ বছর পরে একদল ক্ষমতায় এলো আরেক দল ক্ষমতা থেকে গেল, সেই নির্বাচন এটা না। আমার মোষ্ট (সবচেয়ে) প্রায়োরেটির (গুরুত্বপূর্ণ) জায়গাটা এখানে। এই নির্বাচন যদি আমরা সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে করতে পারি তাহলেই সার্থক হবে’, যোগ করেন তৌহিদুজ্জামান।
মাদক নির্মূলের বিষয়ে নতুন ডিসি বলেন, ‘এখন যেহেতু জেলা প্রশাসকের কাছে অনেক দায়িত্ব, জেলা পরিষদ, পৌরসভা পর্যন্ত আমরা আমাদের লেভেলে চেষ্টা করে যাব।’
এছাড়া জেলায় অনুমোদন পর্যায়ে থাকা অন্যান্য প্রকল্প বিষয়েও সার্বিক তত্ত্বাবধানের কথা জানান তিনি। সভায় জেলা প্রশাসক তার প্রশাসনের স্বচ্ছতা, দ্রুত সেবা এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তানভীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরিনসহ আরও অনেকে।


