মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশীয় খামারিদের স্বার্থ সুরক্ষায় ভারত থেকে যাতে কোনো পশু অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সীমান্ত এলাকায় বিজিবিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার বিকালে নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃ-পাথুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মৎস্য চাষী সম্মেলনে তিনিএ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে চাহিদার তুলনায় ২২ লাখেরও বেশি পশু অতিরিক্ত রয়েছে। দেশের খামারিরা যাতে লোকসানের মুখে না পড়েন, সেজন্য সীমান্তজুড়ে কঠোর নজরদারি বজায় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, চলনবিলসহ দেশের মুক্ত জলাশয়গুলোতে উৎপাদিত মাছ দিয়ে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করার লক্ষ্য নিয়ে সরকার কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন করছে।
সম্মেলনে মৎস্য খাতের উন্নয়ন নিয়ে সরকারের নানা পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘চলনবিলের হারানো ঐতিহ্য ও দেশীয় প্রজাতির মাছ ফিরিয়ে আনতে এই অঞ্চলে আধুনিক মৎস্য সংরক্ষণাগার ও কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে।’
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশকে সমৃদ্ধ দেশে রূপান্তরের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছেন এবং তাদেরই সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে কাজ করছেন।’
সম্মেলনের উদ্বোধক জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘নাটোরের চলনবিল ও হালতিবিলসহ দেশের মুক্ত জলাশয়গুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে মৎস্য চাষে নতুন বিপ্লব ঘটানো হবে।’ তিনি দেশের মাছের বংশবৃদ্ধি ও উন্নত বাজারজাতকরণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানান।


