মালয়েশিয়ার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বুধবার বিকালে মালয়েশিয়া থেকে এক গণমাধ্যমের সঙ্গে অডিও কলে তিনি বর্তমান শারীরিক অবস্থার কথা জানান।
কেমন আছেন জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, ‘মোটামুটি ভালো আছি। এখনো থেরাপি নিচ্ছি। দেশের মানুষ যেন আমার জন্য দোয়া করেন। সবার কাছে আমি দোয়া চাই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’
দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, ‘ভালো হলেই দেশে চলে আসব। এখন খাওয়া-দাওয়া ঠিকঠাক করতে পারছি।’
মির্জা আব্বাসের সঙ্গে তার সহধর্মিণী আফরোজা আব্বাসও রয়েছেন। তিনি বলেন, ‘উনি এখন অনেকটাই সুস্থ। এখন তাকে নিয়মিত থেরাপির জন্য হাসপাতালে থাকতে হচ্ছে।’
গত ১৪ এপ্রিল ফিজিওথেরাপির জন্য মির্জা আব্বাসকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।
এর আগে ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হলে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের পরামর্শে দ্রুত তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
এরপর ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক মাস চিকিৎসার পর অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে মালয়েশিয়ার এই বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়।


