কামরাঙ্গীরচরে যাতায়াত ব্যবস্থার উন্নয়নের জন্য কোম্পানি ঘাটে সিটি করপোরেশন এবং জেলা পরিষদের ব্যবস্থাপনায় ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গীরচরে মারকাযুত তাকওয়া মাদ্রাসার ৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘জাতীয় শিক্ষা সেমিনার ও পুরস্কার বিতরণী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেন, কামরাঙ্গীরচরে রাস্তাঘাট সরু এবং খেলাধুলার জন্য মাঠের অভাব। রাস্তাঘাট প্রশস্তকরণ এবং ৫৫ নং ওয়ার্ডে খেলাধুলার জন্য একটি মাঠ নির্মাণের উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।
পরে উপদেষ্টা কামরাঙ্গীরচরে জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদ্রাসা পরিদর্শন করেন এবং উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বিন মাওলানা মুহাম্মদ উল্লাহ হাফেজি হুজুর (রহ.) এর কবর জিয়ারত করেন।


