ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এ রোগে আক্রান্ত আরও ২৪ শিশু। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৬৩ জন।
শুক্রবার সকালে হাসপাতালের হাম মেডিক্যাল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নেত্রকোনার কলমাকান্দা থেকে গত ২৫ এপ্রিল রাতে ১০ মাস বয়সী এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে হামের পাশাপাশি নিউমোনিয়া ও হৃদযন্ত্রের জটিলতায় তার মৃত্যু হয়।
এছাড়া জামালপুরের ইসলামপুর থেকে আনা ৫ মাস বয়সী আরেক শিশুও একই দিনে সকাল ১০টার দিকে মারা যায়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরে ভুগছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ থেকে ১ মে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯৯৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮ শিশু। সব মিলিয়ে এখন পর্যন্ত ৯১১ জন শিশুকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া একই সময়ে এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বিচ্ছিন্নভাবে হাম রোগী ভর্তি শুরু হলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর চাপ বেড়ে যায়। পরিস্থিতি মোকাবেলায় তিনটি মেডিকেল টিম গঠন করে হাসপাতালের নতুন ভবনের ৮ম তলায় আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে।


