বিয়ের সময় নির্ধারিত দেনমোহর কীভাবে কার্যকরভাবে আদায় করা হবে, সে বিষয়ে একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ফাহমিদা আখতার জনস্বার্থে রিটটি দায়ের করেন। এতে আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিবকে বিবাদী করা হয়েছে।
কেন মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ নম্বর ধারার অধীনে দেনমোহর আদায়ের বিষয়ে একটি বিস্তৃত নির্দেশিকা প্রণয়ন ও জারির নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে।
আবেদনে বলা হয়েছে, বর্তমানে আইনে দেনমোহর পরিশোধের বিষয়ে কিছু মৌলিক বিধান থাকলেও বিয়ের অনেক বছর পরে সেই অর্থ কীভাবে মূল্যায়ন ও আদায় করা হবে, সে বিষয়ে স্পষ্ট নীতিমালার অভাব রয়েছে। এই অস্পষ্টতা অনেক ক্ষেত্রে নারীদের আর্থিক অধিকার বাস্তবায়নে বাধা সৃষ্টি করে।
প্রস্তাবিত নির্দেশিকায় বিবাহের এক বছর বা তার বেশি সময় পরে পরিশোধযোগ্য দেনমোহরের মূল্য নির্ধারণ, আদায়ের পদ্ধতি এবং কার্যকর বাস্তবায়নের উপায় অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। রিটে যুক্তি দেওয়া হয়েছে, এমন একটি নীতিমালা প্রণীত হলে বিবাহিত নারীদের আর্থিক স্বার্থ আরও কার্যকরভাবে সুরক্ষিত হবে ও মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারার অস্পষ্টতা দূর করে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে।


