খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় পৃথক অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় গুলি বিনিময়ের ঘটনায় একটি সশস্ত্র সংগঠনের এক সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া দুই সদস্য আত্মসমর্পণ করেছেন।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার এবং বুধবার পৃথক সময়ে দুটি অভিযান পরিচালিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পানছড়ি উপজেলার বরকলক এলাকায় গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে পরিচালিত অভিযানের সময় সশস্ত্র সংগঠনের সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর মুখোমুখি অবস্থান তৈরি হয়। একপর্যায়ে সংগঠনটির দুই সদস্য আত্মসমর্পণ করেন। তাদের কাছ থেকে দুটি একে-৪৭ রাইফেল, দুটি ম্যাগাজিন এবং ১৩২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।
অন্যদিকে, বুধবার সকাল ১০টার দিকে রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ সময় সশস্ত্র সংগঠনের সদস্যরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে সংগঠনটির এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।
এ সময় একটি একে-৪৭ রাইফেল, একটি ম্যাগাজিন, একটি পাইপগান, ২৭ রাউন্ড গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
সেনাবাহিনী জানায়, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা এবং সব জাতিগোষ্ঠীর জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


