অসৌজন্যমূলক আচরণের জের ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা।
বৃহস্পতিবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে এই ঘটনা ঘটে।
এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আনুষ্ঠানিকতা শেষে সকালে দেশে ফেরেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং তার সফরসঙ্গীরা। এই দলে ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও জ্যৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।
সফর বিষয়ে বিমানবন্দরেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীরা জানান, বিমানবন্দরের ভিআইপি গেটে যখন বিএনপি নেতা হুমায়ুন কবির ব্রিফিং করছিলেন তখন সেখানে উপস্থিত এনসিপি নেতারা উচ্চঃস্বরে স্লোগান দিতে থাকেন। এক গণমাধ্যমকর্মী তাদের থামতে অনুরোধ করেন।
এরপরই এনসিপি নেতাকর্মীরা গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এই ঘটনার প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে যান গণমাধ্যমকর্মীরা।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে গত ২৩ সেপ্টেম্বর ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা। তার সফরসঙ্গী হিসেবে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।
৯ দিনের সফর শেষে সকালে তারা দেশে ফিরেছেন।


