ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে নিয়ে এসেছে বাংলায় ডাবিং করা মাইক্রো ড্রামা। এটি মূলত স্বল্পদৈর্ঘ্যে পর্বভিত্তিক ধারাবাহিক কনটেন্ট, যেখানে প্রতিটি পর্ব সাধারণত ১ থেকে ৩ মিনিটের হয়ে থাকে। যা দেখতে হয় ভার্টিক্যাল মোডে। অল্প সময়ের মধ্যে দ্রুতগতির গল্প, আবেগঘন মুহূর্ত এবং আকস্মিক মোড় তুলে ধরাই এর বৈশিষ্ট্য। ছোট পর্ব ও সংক্ষিপ্ত সময়ের কারণে মাইক্রো ড্রামা বিশেষভাবে মোবাইল ফোনে দেখার জন্য উপযোগী এবং বর্তমান ব্যস্ত জীবনে দর্শকদের কাছে এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।
প্রথমে দেখানো হবে ‘Love Reunion: The Married Mother’s Tale’ (অসমাপ্ত সম্পর্ক)। পর পরই আসছে বাংলায় ডাবিংকৃত True Love In Disguise (ছদ্মবেশী ভালোবাসা), Supreme Lord (গোপন সম্রাট)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্ল্যাটফর্মটি জানাচ্ছে তারা খুব শিগগির নিয়ে আসছে দেশীয় মাইক্রো ড্রামা।
দীপ্ত প্লে-এর হেড অফ ডিজিটাল মোহাম্মদ আবু নাসিম বলেন, ‘ডিজিটাল যুগে দর্শকদের কনটেন্ট দেখার অভ্যাস দ্রুত পরিবর্তিত হচ্ছে। বিশেষ করে মোবাইল-ফার্স্ট দর্শকদের মধ্যে স্বল্প দৈর্ঘ্যে গল্পভিত্তিক কনটেন্টের চাহিদা বাড়ছে। সেই পরিবর্তনকে সামনে রেখে দীপ্ত প্লে- তে আমরা ‘মাইক্রো ড্রামা’ ফিচার চালু করছি। এই উদ্যোগের মাধ্যমে দ্রুতগতির, আকর্ষণীয় ও সহজে উপভোগযোগ্য গল্প বলার একটি নতুন ধারা তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি। একই সঙ্গে এটি নির্মাতা, ব্র্যান্ড এবং দর্শকদের জন্য নতুন ধরনের কনটেন্ট অভিজ্ঞতা ও সহযোগিতার সুযোগ তৈরি করবে।”


