পদ্মা সেতুর মুন্সিগঞ্জ অংশ দিয়ে গত তিন দিনে দক্ষিণাঞ্চলীয় ২১ জেলায় প্রায় ১ লাখ ১৯ হাজার ৬৮২টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা।
পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় এসব তথ্য জানিয়ে বলেন, ১৮ মার্চ একদিনেই সর্বোচ্চ ৪১ হাজার ৮৮৫টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয় ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা।
এর আগের দিন ১৭ মার্চ ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৫১৭টি যানবাহন পারাপার হয় এখান থেকে টোল আদায় হয় ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা। ১৯ মার্চ ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ২৮০টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৪ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা।
তবে এর আগে পদ্মা সেতু দিয়ে ২০২৫ সালের ৫ জুন একদিনে সর্বোচ্চ ৫২ হাজার ৪৮৭টি যানবাহন চলাচলের রেকর্ড রয়েছে।
বৃহস্পতিবারও ঈদ যাত্রার শেষ দিনে সকাল থেকে সেতুতে যানবাহনের চাপ স্বাভাবিক ছিল। শেষ সময়েও অনেকে বাড়ি ফেরেন এদিন। যানবাহনের কিছুটা চাপ থাকলেও কোন ধরনের যানজট সৃষ্টি হয়নি। এবার ৪ দিন আগে থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় নির্বিঘ্নে মানুষ তাদের গন্তব্যে পৌঁছাতে পেরেছে।


