পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল প্রান্তের মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আত্মশুদ্ধি ও সংযমের আদর্শে মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে আসে মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই উৎসব ধনী-গরিব, ছোট-বড়সহ সমাজের সকল ভেদাভেদ ভুলিয়ে সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে এবং শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।
তিনি আরও বলেন, হিংসা, বিদ্বেষ ও বিভেদের অন্ধকার দূর করে ঈদ মানুষের হৃদয়ে নির্মল প্রশান্তি বয়ে আনে। এবারের ঈদ দেশের মুসলিমদের জন্য ফ্যাসিবাদ-উত্তর দ্বিতীয় ঈদুল ফিতর উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘসময় ধরে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তির অনেক নেতাকর্মী ঈদের প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, শত শত শহিদের আত্মত্যাগের বিনিময়ে আজ দেশের মানুষ মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পেয়েছে। তাই যেসব পরিবার তাদের প্রিয়জন হারিয়েছেন, তাদের পাশে দাঁড়ানো এবং আহত সংগ্রামীদের খোঁজখবর নেওয়া সবার নৈতিক দায়িত্ব।
তিনি প্রবাসী বাংলাদেশিদের প্রতিও গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। পরিবার থেকে দূরে থেকেও তাদের অক্লান্ত পরিশ্রম দেশের অর্থনীতিকে সচল রেখেছেন, যোগ করেন তিনি।
এ ছাড়া তিনি ঈদের দিনে সমাজের দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান। সবশেষে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, তিনি যেন বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ করেন।


