ঈদে সুস্বাদু ও স্বাস্থ্যকর মিষ্টান্ন বানাতে চাইছেন? আবার কঠিন রান্নার ঝক্কি পোহাতে চাইছেন না? তাহলে দরকার এমন এক ডেজার্ট যার উপকরণ পাওয়া যাবে হাতের নাগালেই, তবে স্বাদ হবে সেই একঘেয়ে ক্ষীর, পায়েস, হালুয়া থেকে কিছুটা ব্যতিক্রম?
তাহলে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন গাজরের পায়েস। চলুন দেখে নেই এর রেসিপি।
যা যা লাগবে:
গাজর (২৫০ গ্রাম)
দুধ (১ লিটার)
কনডেন্সড মিল্ক (৩০০ গ্রাম)
চিনি (৫০ গ্রাম/ ৪ টেবিল চামচ, স্বাদ অনুযায়ী কম/বেশি হতে পারে)
সুজি (৫০ গ্রাম)
এলাচ (২টি)
দারুচিনি
ঘি (সামান্য)
সাজানোর জন্য কিসমিস, কাজু, পেস্তা, কাঠবাদাম
রন্ধন প্রণালী:
প্রথমেই গাজরগুলোর ওপরের পাতলা আস্তরণ ছিলে নিয়ে ধুয়ে নিতে হবে। একটি গ্রেটারের সাহায্যে ছিলে নেওয়া গাজর মিহি কুচি করে নিতে হবে।
একটি ফ্রাইং প্যান বা কড়াইয়ে সামান্য ঘি গরম করে তাতে কুচি করা গাজর হালকা আঁচে ভেজে নিতে হবে। অল্প সময়েই গাজর থেকে পানি ছাড়তে শুরু করবে। এ পর্যায়ে কিছুক্ষণ পর পর গাজর কুচি বার বার নেড়ে সম্পূর্ণ পানি শুকিয়ে নিতে হবে। মূলত এই পানি দিয়েই গাজর সেদ্ধ হয়ে আসবে। ভাজা গাজর কুচির সঙ্গে দিতে হবে ১০০ গ্রামের মতো কনডেন্সড মিল্ক।
আলাদা একটি পাত্রে ১ লিটার দুধ ভালো মতো জ্বাল করে নিতে হবে। ঘন হয়ে এলে এতে এলাচ, দারুচিনির সঙ্গে দিয়ে দিতে হবে ২০০ গ্রাম কনডেন্সড মিল্ক। ভালো মতো নেড়ে নিতে হবে যেন তলানিতে দুধ লেগে না যায়। এরপর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ৫০ গ্রামের মতো সুজি এবং ভেজে রাখা গাজর কুচি দুধে ছেড়ে ক্রমাগত নাড়তে হবে।
৫ থেকে ১০ মিনিট চুলার জ্বাল একদম কমিয়ে কিছু সময় পর পর নেড়ে দিলে পায়েস দারুন কমলা আভার রঙ নিতে থাকবে। চুলার জ্বাল নিভিয়ে পায়েস সার্ভিং ডিশে ঢেলে ঠাণ্ডা হতে দিতে হবে।
আগে থেকে ভিজিয়ে রাখা কিসমিস ও বাদাম কুচি করে উপরে ছড়িয়ে দিলেই হয়ে যাবে মজাদার, স্বাস্থ্যকর ও ব্যতিক্রমী স্বাদের গাজর পায়েস।


