কক্সবাজার সমুদ্র উপকূলে তলা ফেটে আটকে পড়া একটি লাইটার জাহাজ থেকে ১৩ জন ক্রুকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
তাৎক্ষণিক অভিযানের মাধ্যমে দুর্ঘটনায় পড়া জাহাজটির সকল ক্রুকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে কুতুবদিয়া থেকে পায়রা বন্দরগামী লাইটার জাহাজ ‘এমভি ইয়াছিন আরাফাত-১’ চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন সমুদ্র এলাকায় পৌঁছালে গ্রাউন্ডিংয়ের ফলে জাহাজটির তলা ফেটে যায়। এতে জাহাজটি সমুদ্র তলদেশে আটকে পড়ে এবং ক্রুরা চরম ঝুঁকির মধ্যে পড়ে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর পার্শ্ববর্তী জাহাজ ‘এমভি তাসনিম-২’ প্রাথমিকভাবে ক্রুদের উদ্ধারের চেষ্টা চালায়। তবে পরিস্থিতি জটিল হওয়ায় এক ব্যক্তি কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ বিষয়টি জানান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অপারেশন সুরক্ষায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘পোর্টে গ্র্যান্ডে’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে।
তিনি জানান, ‘উদ্ধার অভিযানে কোস্ট গার্ডের সদস্যরা লাইটার জাহাজে আটকে থাকা ১৩ জন ক্রুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।’
উদ্ধারের পর ক্রুদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের সুস্থ অবস্থায় লাইটার জাহাজের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


