ঢাকার শাহবাগে ঝুট ব্যবসায়ী মো. মনির ও রিয়াজুল তালুকদার হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনির জামিন নামঞ্জুর করেছে আদালত। অন্য এক মামলায় তার জামিন স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে দীপু মনির আইনজীবী রাশিদা আক্তার জুঁথি জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেয়। প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন ঝুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় ৩৫১ জনের নাম উল্লেখসহ ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
অন্য মামলার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট পল্টনের তোপখানা এলাকায় গুলিতে নিহত হন রিয়াজুল। এ ঘটনায় তার সহকর্মী বিল্লাল হোসেন ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা করেন।
অন্য মামলায় জামিন স্থগিত
অন্য এক মামলায় দীপু মনিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেয়।
এর আগে ৩ জুন রাজধানীর মোহাম্মদপুর থানার একটি মামলায় দীপু মনি হাইকোর্টে জামিন পান। পরে জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।
দীপু মনির আইনজীবী রমজান আলী শিকদার জানান, রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া সাত মামলায় জামিন চেয়ে আবেদন করেছিলেন দীপু মনি। ৩ জুন মোহাম্মদপুর থানার একটি মামলায় তিনি জামিন পেয়েছেন। বাকি ছয়টি মামলায় তার জামিনের বিষয়ে হাইকোর্ট রুল জারি করেছে।
দীপু মনি আওয়ামী লীগ সরকারের সময়ে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী ছিলেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার নির্দেশনাসহ ৩৮টিরও বেশি মামলা রয়েছে।


