সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের মাঠ পর্যায়ের নেতাদের একান্ত সহযোগিতা চেয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে বিএনপি ও তিন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভার সূচনা বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
সকাল পৌনে ১১টায় ফার্মগেইটে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীদের সঙ্গে এই মতবিনিময় সভা হয়। ১২ ফেব্রুয়ারি এয়োদশ সংসদ নির্বাচনের পরে দলের মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এটি প্রথম মতবিনিময় সভা।
অনুষ্ঠানে তিনি বলেন, সরকার গঠনের পর নির্বাচনী ইশতেহার বাংলাদেশের জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। এই নির্বাচনী ইশতেহার দেখেই দেশের ৫২ শতাংশ মানুষ ভোট দিয়েছে। তাই যে করেই হোক আমাদের সর্বোচ্চ দিয়ে সরকারকে সহযোগিতা করার পাশাপাশি নির্বাচনী ইশহেতার বাস্তবায়ন করতে হবে। এজন্য দলের সকল পর্যায়ের নেতাদের সহযোগিতার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।
তিনি বলেন,‘নির্বাচনে আমরা মানুষকে বলেছিলাম যে আমরা সুশাসন দিব, আমরা একটি দেশ তৈরি করতে চাই যে দেশে শিক্ষার্থীরা একটি সুন্দর শিক্ষার পরিবেশ পাবে, যেখানে নারী-পুরুষ-শিশু সকলে নিরাপদে রাস্তায় চলতে পারবে।’
দলের নেতা কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, বিএনপির সফলতা নির্ভর করছে এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের ওপর। সেজন্যই উপস্থিত সকলকেই আমাদের সহযোগিতা করতে হবে।’
অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে দলের চেয়ারম্যান ছাড়াও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, ডা. এজেডএম জাহিদ হোসেন ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


