শ্রীলংকা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জয়ের আত্মবিশ্বাস। মাসখানেকের বেশি সময় ধরে চলেছে ফিটনেস, স্কিল ট্রেনিং। জুলিয়ান উডের সাথে কাজ হয়েছে পাওয়ার হিটিং নিয়েও। এশিয়া কাপের আগে প্রস্তুতিটা এরচেয়ে ভালোভাবে হয়তো নিতে পারত না বাংলাদেশ। দারুণ আত্মবিশ্বাস নিয়ে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছেন লিটন দাসরা।
রবিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ১০টা ১৫ মিনিটের একটি ফ্লাইটে দেশ ছেড়েছেন জাকের আলী, রিশাদ হোসেন, শামীম পাটোয়ারী, তানজিদ হাসান তামিমরা। । ক্রিকেটার ও কোচিং প্যানেলের বাকিরা রওনা হবেন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
সাম্প্রতিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস নিয়ে বিমানবন্দরে উইকেটকিপার ব্যাটার জাকের আলী বলেছেন, চ্যাম্পিয়ন হতেই তারা এশিয়া কাপে যাচ্ছেন। যদিও এর আগে তিনবার ফাইনাল খেললেও কখনো শিরোপা জেতা হয়নি বাংলাদেশের। তবে দলের হয়ে এবার সেই অতৃপ্তি ঘোচাতে চান জাকের।
বিমানে ওঠার আগে এশিয়া কাপের লক্ষ্য নিয়ে সংবাদকর্মীদের তিনি বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছি। প্রস্তুতিটা খুব ভালো হয়েছে। দলের সবাই ইতিবাচক মানসিকতা নিয়ে আছে, যা ফলাফলে প্রভাব ফেলবে। আর কাউকে জবাব দেওয়ার কিছু নেই। আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলব। আমরা সবাই বিশ্বাস করি, ওরকম মাইন্ডসেট নিয়েই যাচ্ছি।’
গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং, শ্রীলংকা ও আফগানিস্তান। পুরো টুর্নামেন্টের চিন্তা না করে প্রতিটি ম্যাচ ধরেই এগোতে চায় দল। ধারাবাহিক পারফরম্যান্সের ওপরই জোর দিলেন জাকের, ‘প্রত্যেকটা ম্যাচ স্টেপ বাই স্টেপ ভালো করার চেষ্টা থাকবে। এজন্য ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা মনেপ্রাণে বিশ্বাস করি যে, চ্যাম্পিয়ন হতে পারি। সেই মাইন্ডসেট নিয়েই যাচ্ছি।’
গত এক মাসে ক্রিকেটার কিংবা কোচ, সবাইকেই কথা বলতে হয়েছে পাওয়ার হিটিঙ্গ কোচ জুলিয়ান উডকে নিয়ে। দেশ ছাড়ার আগে জাকেরকেও আরেকবার জানাতে হলো উডের সাথে কাজ করার অভিজ্ঞতা। কীভাবে সেটা এশিয়া কাপে কাজে লাগাবেন, এই প্রশ্নের জবাবে এই উইকেটকিপার ব্যাটার বলেন, ‘জুলিয়ান আমাদের নিয়ে খুব ভালো কাজ করেছে। স্কিলগুলা খুব কাজে দেবে আশা করি। যে টেকনিকগুলা শিখিয়েছে কিংবা যে নতুন কিছু নিয়ে আসছে, যে ব্যাট ও এই সুইংগুলো অবশ্যই কাজে লাগবে। সবমিলিয়ে ভালো সময় পার করেছি আমরা।’


