ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার তিন দিন পেরিয়েছে। হামলা আর তার প্রতিক্রিয়ায় যেমন শীর্ষ নেতার মৃত্যু হয়েছে, তেমনি ঝরছে নিরাপরাধ বহু প্রাণ।
শনিবার থেকে সোমবার বিকাল পর্যন্ত ইরান, ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের দেশসহ অন্তত ১২টি দেশে হতাহতের ঘটনা ঘটেছে। সময়ের সঙ্গে এই সংখ্যা বাড়ছেই।
হতাহতের সংখ্যা জানাতে আল জাজিরা লাইভ ট্র্যাকার চালু করেছে। এই ট্র্যাকারের তথ্য অনুযায়ী, ইরানে মৃতের সংখ্যা ৫৫৫। এছাড়া ইরাকে দুইজন, লেবাননে ১৩ জন, ইসরায়েলে ১০ জন, কুয়েতে একজন, বাহরাইনে একজন, সংযুক্ত আরব আমিরাতে তিনজন এবং যুক্তরাষ্ট্রের চার সেনাসদস্য নিহত হয়েছেন।
অর্থাৎ তিন দিনের যুদ্ধ প্রাণ নিয়েছে অন্তত ৫৮৯ জনের। যার মধ্যে অন্তত দুইজন বাংলাদেশি।
এছাড়া আহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে।
হতাহতের এই সংখ্যা একেবারেই প্রাথমিক। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এ সংখ্যা যে বাড়বে তা ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মারমুখী অবস্থানই বলে দিচ্ছে।


