নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জয় নিশ্চিত করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবার সকালে সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিএনপিকেও শুভেচ্ছা জানান তিনি।
তারেক রহমানের প্রতি বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘এই জয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থারই বহিঃপ্রকাশ। ভারত বরাবরই গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে।’
বাংলাদেশ-ভারত বহুমুখী সম্পর্ককে শক্তিশালী করতে এবং দুই দেশের সাধারণ উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যেতে তারেক রহমানের সঙ্গে কাজ করার প্রত্যাশাও জানান নরেন্দ্র মোদী।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। তার প্রত্যাবর্তন চেয়ে ও ভারতের আধিপত্যবাদের অভিযোগ এনে দেশটির সঙ্গে কূটনৈতিক উত্তেজনায় জড়ায় অন্তর্বর্তী সরকার।
সম্প্রতি ভারতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তাজনিত কারণে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন পরিস্থিতে তলানিতে গিয়ে ঠেকে ঢাকা-দিল্লি কূটনীতি।
তারেক রহমানের জয়ে ফের দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আশা দেখছেন সংশ্লিষ্টরা।


