বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের বর্তমান উত্থানের কারণ হিসেবে আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, দীর্ঘ সময় ক্ষমতায় থেকে আওয়ামী লীগ বিরোধী মতগুলোর ওপর যে দমনের রাজনীতি চালিয়েছিল, জামাতের উত্থান সেই রাজনীতিরই ফলাফল।
শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে নির্বাচনে বিজয় পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৭১টি আসনে জামায়াতের বিজয় নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।
জবাবে নবনির্বাচিত এই বিএনপি নেতা বলেন, ‘যখনই গণতন্ত্র বাধাপ্রাপ্ত হয়, তার পথ রুদ্ধ করা হয় তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। আর সেটাই জামায়তের ক্ষেত্রে হয়েছে। আজকে জামায়াতের যেটুকু উত্থান হয়েছে তা আওয়ামী লীগের কারণে হয়েছে। তাদের দমনপীড়নমূলক যে শাসন, বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়ার ফলে এটা হয়েছে।’
তবে বাংলাদেশের জনগণ জামায়াতকে বর্জন করে বিএনপিকে বেছে নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
জাতীয় সরকারের বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা কমিটমেন্টে সবসময় অটল থাকি। আমরা বলেছিলাম যে ফ্যাসিস্টের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে যারা ছিলেণ তাদের সঙ্গে নিয়ে আমরা নির্বাচন করেছি। তাদের নিয়ে ইনশাল্লাহ আমরা সরকারও গঠন করব।’
৩১ দফা বাস্তবায়ন করা হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, জুলাই সনদেও আমরা সই করেছি। সেগুলোও আমাদের প্রাধান্যের তালিকায় থাকবে। পর্যায়ক্রমে এগুলো বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।


