সিলেট সফরে গিয়ে তরুণদের কথা শুনলেন তারেক রহমান, দিলেন তাদের নানা প্রশ্নের জবাব।
বৃহস্পতিবার গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজন করা হয় ‘দি প্ল্যান- ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’। সেখানেই স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, কৃষিসহ নানা বিষয়ে বিএনপির পরিকল্পনা জানতে চান তরুণরা। সেসবের জবাব দেন দলের চেয়ারম্যান। এসময় উপস্থিত ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান।
বেকারত্ব নিয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান তরুণদের পড়াশোনার বাইরেও নতুন কোনও দক্ষতা গড়ার তাগিদ দেন। তিনি বলেন, নতুন কোনও দক্ষতা থাকলে দেশের বাইরেও কাজ পাওয়া সহজ হবে।
চিকিৎসাসেবা সহজলভ্য করতে এবং অনেক বেশি প্রাণ রক্ষা করতে দেশের বিভিন্ন স্থানে বিশেষায়িত হাসপাতাল করার এক পরামর্শের বিষয়ে তিনি বলেন, ‘চিকিৎসা ক্ষেত্রে সম্পদের স্বল্পতা থাকায় সবখানে নানা ধরনের বিশেষায়িত হাসপাতাল তৈরি করা সম্ভব হবে না।’ সেজন্য তিনি আহ্বান জানান রোগ প্রতিরোধের দিকে নজর দিতে। কারণ রোগ না হলে চিকিৎসকদের ওপর চাপও কমবে।
নারী ক্ষমতায়ন নিয়ে এক নারী প্রশ্ন তোলেন, ফ্যামিলি কার্ড ব্যবহারকারীরা কি শুধু সুবিধাভোগী হবেন নাকি এতে নারী ক্ষমতায়নও হবে? এর অর্থায়ন কোথা থেকে আসবে? জবাবে তারেক রহমান বলেন, ‘শিক্ষা হয়তো আমাদের আছে কিন্তু রিসোর্স ও সামাজিক বাধ্যবাধকতার কারণে সেটা ব্যবহার করতে পারছে না নারীরা।’
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আমরা ফ্যামিলি কার্ড দিতে চাইছি শুধু নারীকে। যে নারী পরিবারের প্রধান, পরিবার চালাচ্ছে তাকে কার্ড দিতে চাই। এভাবে সরকার থেকে অ্যাপ্রিসিয়েশন পেলে নারীর সম্মান বাড়ে, তাতে তার আত্মবিশ্বাসও বাড়ে।’
অর্থায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘এই কার্ডের মাধ্যমে একটি অংশকে ২ থেকে আড়াই হাজার টাকা মাসে ক্যাশ দেওয়া হবে আর বাকি অংশকে জরুরী খাদ্যসামগ্রী দেওয়া হবে। এখন অনেক মন্ত্রণালয়ের অনেক প্রকল্প চলছে। সেগুলো এলোমেলোভাবে চলছে। সেগুলোই আমরা এক জায়গায় আনতে চাই, সেই সঙ্গে আমাদের কিছু রিসোর্স যুক্ত করতে চাই।’
পরিবেশ নিয়ে এক তরুণের প্রশ্নের জবাবে তারেক রহমান গাছ লাগানোর ওপর জোর দেন।
আলোচনা শেষে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান।
বুধবার রাত ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান ও তার সফরসঙ্গীরা।
আলিয়া মাদ্রাসার জনসভা শেষে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম, নরসিংদী পৌর এলাকার সংলগ্ন স্থান এবং নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান।
এসব কর্মসূচি শেষে বৃহস্পতিবার গভীর রাতে গুলশানের বাসায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান।


