ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এ ভর্তি পরীক্ষা হয়।
এবার মোট ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৭ হাজার ৭০১ জন পরীক্ষার্থী। প্রতি আসনের জন্য প্রায় ৩৯ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করেছেন।
ঢাবি উপাচার্য নিয়াজ আহমদ খান ভর্তি পরীক্ষা চলাকালে বিজ্ঞান অনুষদ ভবনের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
তিনি বলেন, ‘সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় প্রতি আসনে প্রায় ৩৯ জন শিক্ষার্থী অংশ নেওয়ায় প্রতিযোগিতা কঠিন। কাজে অনেক শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে না।’
ভর্তির সুযোগ পাওয়া-না পাওয়া জীবনের শেষ কথা নয় মন্তব্য করে সন্তানদের ওপর কোনো ধরনের মানসিক চাপ সৃষ্টি না করতে অভিভাবকদের পরামর্শ দেন তিনি। তিনি বলেন, ‘প্রতিটি শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা রয়েছে, যা বিকাশের সুযোগ দেওয়া প্রয়োজন।’
ঢাবি ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে এই পরীক্ষা নেওয়া হয়।


