নির্বাচনের আর মাত্র এক দিন বাকি। শেষ মুহূর্তে প্রার্থীদের প্রচারণা তুঙ্গে। এ দফায় রাজনৈতিক মাঠে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে শোবিজ অঙ্গনের একাধিক পরিচিত মুখকে। বিশেষ করে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রচারণায় বিভিন্ন আসনে অংশ নিচ্ছেন কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রীনা খানসহ আরও কয়েকজন শিল্পী।
তবে এই তালিকায় নায়িকা শিমলার উপস্থিতি অনেককেই চমকে দিয়েছে। কারণ, ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সে সময় ঝিনাইদহ-১ আসন থেকে নৌকা প্রতীকে প্রার্থী হতে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি। তখন বিভিন্ন গণমাধ্যমে দেওয়া বক্তব্যে নিজেকে ‘আওয়ামী লীগ পরিবারের সন্তান’ বলেও উল্লেখ করেন শিমলা। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বপ্নে দেখার কথাও বলেছিলেন। যদিও শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পাননি তিনি।
অথচ সেই শিমলাকেই এবার দেখা গেল বিএনপির ধানের শীষের পক্ষে নির্বাচনি প্রচারণায়। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে ভোট চাইছেন শিমলা। এ সময় তার সঙ্গে ছিলেন মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রীনা খান ও অভিনেতা শাহেদ শরীফ।
প্রচারণাকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শিমলা বলেন, “আমি শিমলা, ধানের শীষের জন্য ভোট চাইছি। অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, তারাও ধানের শীষে ভোট দিতে রাজি হয়েছেন। আমাকে নিয়ে নয়-ছয় কথা বলবেন না প্লিজ। আমার অনেক কথা বলার আছে, সেটা ১২ তারিখের পর বলবো।”
শিমলার এই হঠাৎ রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও ট্রল। বিষয়টি জানতে তার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র অঙ্গনে শিমলার উপস্থিতি তেমন চোখে পড়েনি। মাঝে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হয়ে আবার নীরব হয়ে যান তিনি। এবার প্রতীক বদলে নির্বাচনি মাঠে নামায় শিমলাকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।


