চীনা নববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক কনসার্ট।
সোমবার কলা ভবন সংলগ্ন বটতলায় এ কনসার্টের আয়োজন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘ভয়েস অ্যাক্রস মাউনটেইনস অ্যান্ড সিজ, বন্ডস বিটুইন চায়না অ্যান্ড বাংলাদেশ’।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য নিয়াজ আহমদ খান চীনা নববর্ষ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় ও ঐতিহ্যবাহী। চীন সরকার এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানাবিধ একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও জানান, চীনের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য প্রায় ২৪৪ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক ছাত্রী হল নির্মাণের কাজ খুব শিগগিরই শুরু হবে। এ জন্য বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ও চীন সরকারকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
শিক্ষা, সংস্কৃতি ও পারস্পরিক বিনিময়মূলক কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


