‘একটি দল পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ব্যর্থ স্বপ্ন দেখছে’

‘একটি দল পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ব্যর্থ স্বপ্ন দেখছে’
নির্বাচনী জনসভায় বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। সোমবার বিকালে চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন মাঠে | ছবি: আনছার হোসেন/টাইমস
Advertisement
Advertisement

একটি দল পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ব্যর্থ স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘নির্বাচনে একটি দল বেকার ভাতা, ফ্যামিলি কার্ড বোঝে না। জনগণের দল বিএনপি রাষ্ট্র পরিচালনায় উন্নয়নের ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছে। নির্বাচনের মাঠ গরম করা স্বাধীনতা, সার্বভৌমত্ববিরোধী দলটির রাষ্ট্র পরিচালনায় কোনো পরিকল্পনা নেই। তারা বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে পেছনের দরজা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ব্যর্থ স্বপ্ন দেখছে। যা কখনো পূরণ হওয়ার নয়।’

সোমবার বিকালে চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি এবং দেশের মানুষ বিশ্বাস করে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা এবং দীর্ঘদিনের অপশাসন থেকে জাতি মুক্তি পাবে। দেশে সুশাসন ফিরে আসবে।’

বিএনপি ক্ষমতায় এলে উন্নয়নের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মক্ষম হাতে রূপান্তর করা হবে বলেও দাবি করেন তিনি।

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পতিত ফ্যাসিবাদী সরকার আমাকে গুম করে হত্যার চেষ্টা করেছিল। পরে বিদেশে পাচার করা হয়। আল্লাহর ইচ্ছা ও আপনাদের দোয়ার কারণে আমি ফিরে এসেছি। কিন্তু ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘গত ১৫ বছরে ব্যাংক লুটের মাধ্যমে প্রায় ২৯ লাখ ৩৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, যা দিয়ে ২৪টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব ছিল।’

সালাহউদ্দিন আহমদের বক্তব্য অনুযায়ী, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব একমাত্র বিএনপির হাতে নিরাপদ। তাই জনগণকে রাষ্ট্রের মালিকানা পুনরুদ্ধারের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

খুটাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকতার কামালের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, এমএ মনজুর, আবু তাহের চৌধুরী, ছাদেকুর রহমানসহ অন্যান্য নেতারা।

জনসভায় বাদ্য-বাজনার তালে তালে হাজারো নারী-পুরুষ আলাদা মিছিল নিয়ে অংশ নেন।

এর আগে, এদিন দুপুরে চকরিয়ার দুর্গম বমুবিলছড়ি ইউনিয়নের শহীদ আবদুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। সেখানে কড়া রোদ উপেক্ষা করে বিপুলসংখ্যক মানুষ মাঠ ও আশপাশের ভবনের ছাদে অবস্থান নেন।

সেই সমাবেশে তিনি আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীলদের উদ্দেশে বলেন, স্বাধীনতাপন্থী শক্তির পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের অস্তিত্ব ও সার্বভৌমত্বে বিশ্বাস করেনি এবং দেশকে ভারতের করদ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। অবশেষে গণঅভ্যুত্থানের মুখে তারা পালাতে বাধ্য হয়েছে এবং নিজেদের দেশ ভারতের দিল্লিতে আশ্রয় নিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad