হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও এর আশপাশের নীরব এলাকায় হর্ন বাজালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশন গত বছরের সেপ্টেম্বর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও এর উত্তর-দক্ষিণে ১ দশমিক ৫ কিলোমিটার এলাকা–স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত এবং গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে নীরব এলাকা ঘোষণা করে।
ডিএমপি জানায়, নীরব এলাকায় হর্ন বাজানো সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৪৫ ধারা এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫-এর ১৯(২) বিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ ক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা বা তিন মাসের কারাদণ্ড হতে পারে।
পুলিশ আরও জানায়, সম্প্রতি জারি করা শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ অনুযায়ী নীরব এলাকায় হর্ন বাজানো বা শব্দদূষণজনিত অপরাধে তাৎক্ষণিক জরিমানা আরোপের ক্ষমতা পুলিশকে দেওয়া হয়েছে।
এ অবস্থায় নীরব এলাকায় হর্ন বাজালে ডিএমপি কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এ তথ্য নিশ্চিত করেন।


