ঢাকার নর্দা এলাকায় ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙ্গে বিপরীত লেনের আকাশ পরিবহনের বাসে ধাক্কা দেওয়ায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
বুধবার সকাল ৬টার দিকে নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘাতক বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। হতাহতদের উদ্ধার করে নগরীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহতরা হলেন, বাগেরহাটের মংলার লাইজু বেগম (৩৮), তার স্বামী কবির জমাদ্দার (৪৭), খুশি বেগম (৩৫) ও পটুয়াখালী মির্জাগঞ্জের রবিউল ইসলাম (২২)।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) নেসার উদ্দিন বলেন, পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে নতুন বাজার থেকে উত্তরামুখী সড়ক পার করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি রোড ডিভাইডার ভেঙ্গে বিপরীত লেনের উত্তরা থেকে গুলিস্তানগামী সড়কে থাকা আকাশ পরিবহনে ধাক্কা দেয়। গুলিস্তানগামী আকাশ পরিবহনে যাত্রী ছিল বেশি। আর ঘাতক ইসলাম পরিবহনে যাত্রী ছিলেন ৫-৭ জন।
ইসলাম পরিবহনের ধাক্কায় আকাশ পরিবহন ছিটকে পরে ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত হন। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। কুর্মিটোলা হাসপাতালে মারা যাওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজন গুরুতর অবস্থায় কুর্মিটোলা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, ‘গুলিস্তানমুখী আকাশ পরিবহনের বাসটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত দুটি বাস পুলিশ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ইসলাম পরিবহনের চালক হেলপারের খোঁজ চলছে।


