নীলফামারীর ডোমারে বালুবাহী ট্রাক উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সোনারায় পুটির মোড় এলাকায় এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান আরেকজন।
নিহত ব্যক্তিরা হলেন চিলাহাটি সবুজপাড়া এলাকার মৃত মফিজ উদ্দীনের ছেলে ভটভটি চালক মমিনুল ইসলাম (৪০) এবং ডোমার উপজেলার মাহিগঞ্জ এলাকার অকিন্দ্র চন্দ্রের ছেলে ট্রাকশ্রমিক বিকাশ চন্দ্র (২৫)।
স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে ডোমার থেকে নীলফামারীর উদ্দেশে একটি বালুবাহী ট্রাক যাচ্ছিল। পথে সোনারায় পুটির মোড় এলাকায় পৌঁছালে একটি ভটভটি মোড় ঘোরার সময় হঠাৎ ট্রাকটির সামনে উল্টে পড়ে। এতে ভটভটি চালক মমিনুল ইসলাম গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার পর ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দ্রুতগতির ট্রাকটি সড়কের পাশে ছিটকে গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা শ্রমিক বিকাশ চন্দ্রের ওপর উল্টে পড়ে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা বিকাশকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও স্থানীয়রা দুর্ঘটনাকবলিত ট্রাক সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


