ঢাকায় প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর একটি গুরুতর আঘাত বলে মন্তব্য করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, ‘তরুণ নেতা ওসমান হাদিকে হত্যা একটি ভয়াবহ ঘটনা। গত আগস্টে হাসিনা সরকার উৎখাত হওয়ার পর থেকে দেশে যে ধরনের মব হামলার প্রবণতা দেখা দিয়েছে, তা ঠেকাতে এখনই বাংলাদেশ সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে ‘
পাশাপাশি ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার পরিবেশ সৃষ্টি করার আহ্বানও জানান তিনি।
মীনাক্ষী যোগ করেন, ‘প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর একটি গুরুতর আঘাত। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে কিছু রাজনৈতিক পক্ষের সহিংসতায় উসকানির এমন এক পরিবেশ তৈরি করা হচ্ছে, যেখানে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক কর্মী এমনকি শিল্পী ও গায়কদের ইচ্ছাকৃত ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে।’
বাংলাদেশ সময় ১৮ ডিসেম্বর রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির মৃত্যু হয়। তারপরই প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয় এবং ছায়ানট ভবনে হামলা চালায় একদল মানুষ।
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পাশের একটি চলন্ত মোটরসাইকেল থেকে অটোরিকশায় থাকা হাদিকে গুলি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।


