ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের নির্বিকার ভূমিকার চরম সমালোচনা করেছে গণসংহতি আন্দোলন। মঙ্গলবার দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের নির্বিকার ভূমিকা চরম নিন্দনীয়।
অবিলম্বে কার্যকর ভূমিকা গ্রহণ করে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানান তারা।
নেতৃবৃন্দ বলেন, চলতি বছর ২৫১ জন মানুষ ডেঙ্গুতে মৃত্যুবরণ করলেও সরকারের টনক নড়ছে না। কেবল সরকারি হিসেবেই ৬১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রকৃতপক্ষে আরও অনেক বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যাদের সবাই হাসপাতাল পর্যন্ত আসতে পারেননি। এমনকি সরকারি হাসপাতালেও ডেঙ্গু চিকিৎসার খরচ সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে। মানুষকে মৃত্যুর সম্ভাবনার মুখে রেখে সরকারের নির্বিকার আচরণ দেখে আমরা বিস্মিত ও ক্ষুব্ধ।
নেতৃবৃন্দ আরও বলেন, সারা বছর যেখানে ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পিত ভূমিকা থাকার কথা, সেখানে তারা এই বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপই নেয়নি। ডেঙ্গুর প্রকোপে এত মানুষের মৃত্যুর পরেও সরকারের পক্ষ থেকে কোনো দায়িত্বশীল ভূমিকা আমরা দেখছি না। আমরা সরকারের এই ভূমিকার নিন্দা জানাই।
নেতৃবৃন্দ অবিলম্বে ডেঙ্গু নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ভূমিকা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সরকারি হাসপাতালগুলোতে জরুরি ভিত্তিতে ডেঙ্গু চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান তারা।


