ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪১৩ জন। তবে এই সময়ে এডিস মশাবাহিত এ রোগটিতে কারও মৃত্যু হয়নি।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এই হিসাব নেওয়া হয়েছে।
এতে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৬০৬ জনে, আর মোট মৃতের সংখ্যা ২২৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী পাওয়া গেছে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে। এ সময়ে ১৫১ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে।
এ ছাড়াও বরিশাল বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে ৯৩ ও ঢাকা বিভাগে ২২ ও ময়মনসিংহ বিভাগে ১৫ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুর সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছে সেপ্টেম্বরে। ওই মাসে হাসপাতালে ভর্তি হন ১৫ হাজার ৮৬৬ জন এবং মৃত্যু হয় ৭৬ জনের।
অক্টোবরের প্রথম আট দিনে ভর্তি হন ৫ হাজার ৫৪৩ জন, মৃত্যু হয় ২৬ জনের। জুলাইয়েও মোট আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৬৮৪ জন এবং মৃত্যু হয়েছিল ৪১ জনের।
এর আগে, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯ ও আগস্টে ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। মার্চে মৃত্যুর কোনো তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।


