চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুইটি প্রতিষ্ঠান থেকে মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত দামুড়হুদা উপজেলার আটকবর এলাকায় মুদি দোকান, সার-বীজ, বেকারী পণ্যের বিভিন্ন দোকানে এই অভিযান চালানো হয়।
এ সময় লাইসেন্স নবায়ন না থাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুসারে হাজিরা খাতুনের প্রতিষ্ঠান মায়া বেকারীকে সাত হাজার টাকা এবং বেশি দাম ও অবৈধভাবে সার-বীজ বিক্রয় ও লাইসেন্স নবায়ন না থাকায় আশরাফুল ইসলামের প্রতিষ্ঠান মেসার্স মদিনা ট্রেডার্স কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সংশ্লিষ্ট বাজারে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ/বীজ বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন বহিরাঙ্গন অফিসার, জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়, চুয়াডাঙ্গা জনাব সালমা জাহান নিপা; ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।


