ট্রাম্পের কাছে দুঃখপ্রকাশ, তবে ক্ষতিপূরণ দিতে রাজি নয় বিবিসি

ট্রাম্পের কাছে দুঃখপ্রকাশ, তবে ক্ষতিপূরণ দিতে রাজি নয় বিবিসি
বিবিসি ভবন। ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

প্যানোরমায় প্রচারিত তথ্যচিত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ভুলভাবে সম্পাদনা করার ঘটনায় দুঃখপ্রকাশ করেছে সংবাদমাধ্যম বিবিসি। তবে এর পরিপ্রেক্ষিতে ট্রাম্পকে ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি।

শুক্রবার বিবিসির খবরেই এ তথ্য জানানো হয়েছে।

এর আগে প্যানারোমায় ভুলভাবে বক্তব্য প্রচারের অভিযোগে বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এ বিষয়ে বিবিসিকে চিঠিও পাঠিয়েছেন ট্রাম্পের আইনজীবীরা। যেখানে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ক্ষমাও চাইতে বলা হয়েছে।

এ ঘটনায় এরই মধ্যে পদত্যাগ করেছেন বিবিসির ডিরেক্টর জেনারেল টিম ডেভ এবং বার্তা প্রধান ডেবোরা টারনেস। গত রোববার সংবাদমাধ্যমটির ওই শীর্ষ দুই কর্মকর্তা ‘ভুল তথ্য’ সম্প্রচারের বিতর্কের জেরে দায়িত্ব থেকে অব্যাহতি নেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেদনটির সংশোধন প্রকাশ করে বিবিসি। সেখানে বলা হয়, ট্রাম্পের বক্তৃতাটি যেভাবে সম্পাদনা করা হয়েছে সে নিয়ে সমালোচনার পর প্যানোরামা অনুষ্ঠানের পর্যালোচনা করা হয়েছে।

আরও পড়ুন

বিবিসি লিখেছে, ‘আমরা স্বীকার করছি যে আমাদের সম্পাদনা অনিচ্ছাকৃতভাবে এমন ধারণা সৃষ্টি করেছে যে আমরা বক্তৃতার একটি ধারাবাহিক অংশ দেখাচ্ছি, যেখানে প্রকৃতপক্ষে বক্তৃতার বিভিন্ন অংশ থেকে নেওয়া অংশবিশেষ দেখানো হয়েছিল। এর ফলে এই ভুল ধারণা তৈরি হয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সহিংস পদক্ষেপের আহ্বান জানিয়েছিলেন।’

বিবিসির এক মুখপাত্র জানিয়েছেন, রোববার ট্রাম্পের আইনজীবীদের কাছ থেকে চিঠি পাওয়ার পর বিবিসির আইনজীবীরাও প্রেসিডেন্ট ট্রাম্পের আইনি দলের কাছে চিঠি পাঠিয়েছেন।

তিনি আরও বলেন, ‘বিবিসির চেয়ারম্যান সামির শাহ আলাদাভাবে হোয়াইট হাউসে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন, যেখানে তিনি এবং করপোরেশন স্পষ্টভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছেন যে ৬ জানুয়ারি ২০২১ তারিখের প্রেসিডেন্টের ভাষণ সম্পাদনার জন্য তারা দুঃখিত, যা ওই অনুষ্ঠানে দেখানো হয়েছিল।’

‘ভিডিও ক্লিপটি যেভাবে সম্পাদনা করা হয়েছে তাতে বিবিসি আন্তরিকভাবে দুঃখিত, তবে মানহানির অভিযোগ আনার মতো কোনো ভিত্তি রয়েছে বলে আমরা মনে করি না।’

এতে বলা হয় প্রামাণ্যচিত্রটি আবারও প্রচার করার কোনো পরিকল্পনা বিবিসির নেই।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর