সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আরও ৬১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এই হিসাব নেওয়া হয়েছে। হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ১০৪, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৪, ঢাকা উত্তর সিটিতে ১১৭, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৬, খুলনা বিভাগে ৪৩, ময়মনসিংহে ৩৩, রাজশাহীতে ৭৫ এবং সিলেট বিভাগে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫৫ হাজার ৯৬৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত সব মিলিয়ে ৫৮ হাজার ৮৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২৪৪ জনের।
চলতি বছরের মাসওয়ারি পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১ হাজার ৭৭৩, জুনে ৫ হাজার ৯৫১, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪, আগস্টে ১০ হাজার ৪৯৬ এবং সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯, জুলাইয়ে ৪১, আগস্টে ৩৯ এবং সেপ্টেম্বরে ৭৬ জন এ রোগে মারা গেছেন।
২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংগ্রহ শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা যায়। সে বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয় এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। পরের বছর ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ১ হাজার ২১৪ জনে এবং প্রাণ হারান ৫৭৫ জন।


