ডাকসু নির্বাচন: নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির বিশেষ নির্দেশনা

ডাকসু নির্বাচন: নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির বিশেষ নির্দেশনা
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে আশপাশের এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন করা হবে।

ট্রাফিক নির্দেশনা অনুযায়ী, শাহবাগ, হাইকোর্ট, নীলক্ষেত, শহীদুল্লাহ হল ও পলাশী ক্রসিংয়ে ডাইভারশন কার্যকর থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়গামী যানবাহনকে বিকল্প রাস্তা ব্যবহার করতে অনুরোধ করেছে ডিএমপি। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। একই সঙ্গে নগরবাসী, চালক ও যাত্রীদেরকে নির্ধারিত ক্রসিং ও সংলগ্ন এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।

আরও পড়ুন

অন্য এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় সব ধরনের আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক বহন এবং প্রদর্শন নিষিদ্ধ থাকবে।

এবারের ডাকসু নির্বাচনে উমামা ফাতেমার নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, ছাত্রদল সমর্থিত ‘আবিদ-হামিম-মায়েদ পরিষদ’, ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’, বাম জোট সমর্থিত ‘প্রতিরোধ পর্ষদ’সহ পূর্ণ ও আংশিক মিলিয়ে প্রায় ১০টি প্যানেল অংশ নিচ্ছে।

মোট ২৮টি পদের বিপরীতে লড়ছেন ৪৭১ জন প্রার্থী, এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। শুধু সদস্যপদেই প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বাধিক ২১৭ জন প্রার্থী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ১৩টি পদে মোট এক হাজার ৩৫ প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে ক্যাম্পাসে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হয়েছে। নির্বাচনের আগেরদিন সোমবার ও নির্বাচনের দিন মঙ্গলবার মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ রাখা হবে। তবে, শিক্ষার্থী ভোটারদের ভোট দেওয়ার সুবিধার্থে ক্যাম্পাসে চক্রাকারে শাটল সার্ভিস চালু রাখা হবে। মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বিকাল ৩টা ৫০ মিনিট পর্যন্ত চলবে শাটল সার্ভিস।

রুটম্যাপ অনুযায়ী, শাটল সার্ভিস ভূতত্ত্ব বিভাগ থেকে শুরু হয়ে কার্জন হল, শাহবাগ, টিএসসি, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাব, ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ, সিনেট ভবন ও শারীরিক শিক্ষা কেন্দ্র ঘুরে আবার ভূতত্ত্ব বিভাগে ফিরবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad