ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে, শীর্ষস্থানীয় পদে নিজেদের সংগঠনের প্রার্থীদের এগিয়ে থাকার খবর পেয়েই ক্যাম্পসে বিজয় মিছিল করেছেন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
বুধবার ভোর ৬টার দিকে সিনেট ভবনের সামনে সাদিক কায়েম, এস এম ফরহাদকে ঘিরে বিপুল সংখ্যক ছাত্রশিবির কর্মী জয়ধ্বনিতে মুখর করে রাখেন ক্যাম্পাস।
এদিন রাত পৌনে ৩টার দিকে টিএসসি থেকে একটি মিছিল বের হয়; মিছিল হয় শাহবাগেও।
এদিন রাত ৩টা পর্যন্ত যে কয়টি হলের ফল এসেছে, সেগুলোর ফলাফলে এগিয়ে ছিলেন শিবিরের প্রার্থীরা।
এদিকে, ফল ঘোষণা শুরুর পরেই তা প্রত্যাখ্যান করেন প্রধান প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।
বুধবার রাত আড়াইটার দিকে ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।’
ছাত্রদলের প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী শেখ তানভীর বারী হামিম শিক্ষার্থীদের রায়কে সম্মান জানানোর কথা বলেছেন।
এদিন রাতে ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন- এটিই তাদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষামান। আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত চলা এ ভোটানুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা দিয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি ও কারচুপি পরিলক্ষিত হয়েছে।’
নির্বাচনে আরেক অন্যতম এছাড়া প্রতিদ্বন্দ্বী ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তার এই ঘোষণা।
বুধবার রাত সাড়ে ৩টার দিকে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে একথা জানান তিনি।

ওই পোস্টে উমামা লিখেছেন, ‘বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।’
এর আগে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। এ সময় আচরণ বিধিলঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ওঠে বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে।
শিবির সমর্থিত প্যানেলের দুই প্রার্থীর ব্যালটে আগে থেকে টিক দিয়ে রাখার অভিযোগে প্রশাসনের বিরুদ্ধে টিএসসিতে বিক্ষোভ করেছে ছাত্রদল।

ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ অভিযোগ করেন, নীলক্ষেত, শাহবাগ, চানখারপুলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ‘সংঘবদ্ধভাবে অবস্থান’ নিয়েছে।
অন্যদিকে শিবির প্যানেলের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ অভিযোগ তোলেন, নয়টি পয়েন্টে যুবদল এবং বিএনপির নেতাকর্মীরা ‘পাহারা’ দিচ্ছেন।
এরই মধ্যে ‘বিশৃঙ্খলায়’ না জড়াতে ছাত্রদল ও শিবিরকে নিজ নিজ দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।



