- লাইভ বন্ধ/ ১১:৪৭
বিপুল ভোটে জয়ী সর্বমিত্র চাকমা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলে কার্যনির্বাহী সদস্য পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন সর্ব মিত্র চাকমা। তিনি ৮, ৯৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বুধবার সকালে সিনেট ভবনে ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন ফল ঘোষণা করেন।
ভিন্ন ভাষাভাষী পাহাড়িদের মধ্যে তিনিই একমাত্র নির্বাচিত হয়েছেন। বাঙালি মুসলিম না হয়েও শিবিরের প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম থেকেই আলোচনায় ছিলেন সর্বমিত্র চাকমা।
এদিকে, ডাকসু নির্বাচনে কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাহাড়িদের মধ্যে আলোচিত সুর্মী চাকমা জয়ী হতে পারেননি।
পরাজয়কে মেনে নিয়ে বুধবার সকাল ১০টায় ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘৪,৪৮২ টা ভোট কম নয় অবশ্যই! এই ৪,৪৮২ জন শিক্ষার্থী যে আমার প্রতি আস্থা রেখেছিল তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। বিজয়ী হতে না পারি কিন্তু কাজ চলমান থাকবে।’
ডাকসুর সহসভাপতি (ভিপি) পদে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।
তবে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান ও শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। এ ছাড়া আব্দুল কাদেরও নির্বাচনের ব্যাপক সমালোচনা করে কারচুপির অভিযোগ এনেছেন।
১১:৩০
ইতিহাসের কালো রাত হয়ে থাকবে: উমামা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলে ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা আগেই ভোটের ফলাফল বর্জনের ঘোষণা দিয়েছিলেন। এবার তিনি ‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের’ ইঙ্গিত দিয়ে ডাকসুতে কারচুপির অভিযোগ তুলেছেন।
বুধবার ভোর ৫টা ৪০ মিনিটে ফেসবুক পোস্টে উমামা বলেন, ‘কারচুপির নির্বাচনের জন্য ১৪০০ মানুষ মরছে! একি ইতিহাস, একি ব্যবস্থা। মাঝে দিয়ে এতগুলো পরিবার নিঃস্ব হলো।’
তিনি আরও বলেন, ‘অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছে। বাংলাদেশের ইতিহাসের কালো রাত হয়ে থাকবে। নিজেদের হীনস্বার্থের জন্য ইসলামি ছাত্রশিবির কী পরিমাণ বেঈমানি করেছে জাতির সঙ্গে, তা ইতিহাসের পাতায় লেখা থাকবে।’
এর আগে রাত সাড়ে ৩টার দিকে তিনি ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপি হয়েছে। ৫ আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জাতিকে লজ্জা উপহার দিয়েছে।’

- ১১:০০
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সদ্য নির্বাচিত সহ সভাপতি (ভিপি), ইসলামী ছাত্র শিবির নেতা সাদিক কায়েম জানিয়েছেন, তারা আগামীতে ডাকসুতে সব দলমতের সাথে কাজ করবেন।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবাদ সম্মেলনে এমন প্রতিক্রিয়া জানান ভিপি সাদিক কায়েম।
তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনে জয় অথবা পরাজয়ের কিছু নেই ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। এবং এই নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা, শহীদদের, আকাঙ্খা বিজয়ী হয়েছে।’
‘শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা। আমরা ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব। জুলাই বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগামী বাংলাদেশের স্বপ্ন দেখবে’, বলেন সাদিক।
তিনি বলেন, ‘যে মতের হোক না কেন সবাই একসঙ্গে কাজ করব।’
তিনি আরো বলেন, ‘যারা একসাথে নির্বাচন করেছেন তারা প্রত্যেকে উপদেষ্টা, তারা আমাদের পরামর্শ দেবেন।’
দায়িত্বপালনকালে মারা যাওয়া সাংবাদিক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান সাদিক কায়েম। সব গণমাধ্যমকর্মীকে ধন্যবাদ জানান তিনি।

- ১০:৩০
এ বিজয় সব শিক্ষার্থীর: ফরহাদ
ইসলামী ছাত্রশিবিরের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ তার প্রতিক্রিয়ায় এ বিজয়কে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর বিজয় বলে মন্তব্য করেছেন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাংবাদিকদের এই প্রতিক্রিয়া জানান ফরহাদ।
তিনি বলেন, ‘আমার দিক থেকে ব্যক্তিগত পর্যবেক্ষণ (অবজারভেশন) হচ্ছে জিএস হিসেবে নির্বাচিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের বিজয়। এটি ব্যক্তি ফরহাদের বিজয় হিসেবে দেখার কোনো সুযোগ নাই।’
‘সব শিক্ষার্থীদের আমানত আমাদের ওপর অর্পিত হয়েছে,’ বলেন তিনি।
ফরহাদ বলেন, ‘যে কয়দিন দায়িত্বে থাকব, সে কয়দিন যদি ভুল কিছু হয় তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যেন শুধরে দেন।’
তিনি জানান, ছাত্রশিবিরের প্যানেল থেকে কোনো বিজয় মিছিল করা হবে না।
- ০৯:৫১
ডাকসুতে চূড়ান্ত ফলাফল ঘোষণা: ছাত্রশিবির জয়ী
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন সংশ্লিষ্টরা।
ঘোষিত ফলাফলে দেখা গেছে, ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম), জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান জয়ী হয়েছেন।
ভিপি পদে সাদিক কায়েম ১৪,০৪২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। তৃতীয় স্থান লাভ করেছেন স্বতন্ত্র জোটের প্রার্থী উমামা ফাতেমা, যিনি ৩,৩৮৯ ভোট পেয়েছেন। এছাড়া, স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ৩,৬৮১ ভোট পেয়েছেন। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী আব্দুল কাদের ৬৬৮ ভোট এবং প্রতিরোধ পর্ষদের প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি পেয়েছেন ২৬ ভোট।

জিএস পদে এস এম ফরহাদ ১০,৭৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত প্রার্থী তানভীর বারী হামীম পেয়েছেন ৫,২৮৩ ভোট। প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমল্লার বসু পেয়েছেন ৪,৯৪৯ ভোট।
এজিএস পদে মহিউদ্দিন খান ৯,৫০১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৪,২৫৪ ভোট।
এদিকে, নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান এবং স্বতন্ত্র জোটের প্রার্থী উমামা ফাতেমা। আব্দুল কাদেরও নির্বাচনের ব্যাপক সমালোচনা করে কারচুপির অভিযোগ এনেছেন।
ভোটগ্রহণ চলাকালে সাদিক কায়েম ছাত্রদলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছিলেন এবং প্রশাসনের বিরুদ্ধে ছাত্রদলকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ করেছিলেন।

ফলাফল ঘোষণা শুরু হয় মঙ্গলবার রাত ২টার দিকে। জগন্নাথ হল ব্যতীত সবগুলো হলেই সাদিক কায়েম বড় ব্যবধানে জয়ী হন। জগন্নাথ হলে তিনি মাত্র ১০টি ভোট পেয়েছেন, অন্যদিকে আবিদুল ইসলাম খান পান ১,২৭৬ ভোট।
এবারের নির্বাচনে ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলেছিল। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলেন ৩৯,৮৭৪ জন, এর মধ্যে ২০,৯১৫ জন ছাত্র এবং ১৮,৯৫৯ জন ছাত্রী ভোট দিয়েছেন।
ডাকসুতে ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট ২৩৪টি পদে ১,০৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ভোটারদের ৪১টি ভোট দিতে হয়েছে।

- ০৯:২৬
কে কত ভোট পেলেন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ১৮ হলের মোট ফলাফলে ভিপি পদে সাদিক কায়েম ১৪, ০৪২ ভোট, জিএস পদে এসএম ফরহাদ ১০,৭৯৪, আর এজিএস পদে মহিউদ্দীন খান ৯,৫০১ পেয়ে জয়ী হয়েছেন।
ডাকসু নির্বাচনে চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে শীর্ষস্থানীয় পদে নিজেদের সংগঠনের প্রার্থীদের এগিয়ে থাকার খবর পেয়েই ক্যাম্পসে বিজয় মিছিল করেছেন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
বুধবার ভোর ৬টার দিকে সিনেট ভবনের সামনে সাদিক কায়েম, এস এম ফরহাদকে ঘিরে বিপুল সংখ্যক ছাত্রশিবির কর্মী জয়ধ্বনিতে মুখর করে রাখেন ক্যাম্পাস।
বুধবার রাত আড়াইটার দিকে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।’

ছাত্রদলের প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী শেখ তানভীর বারী হামিম শিক্ষার্থীদের রায়কে সম্মান জানানোর কথা বলেছেন।
এদিন রাতে ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন- এটিই তাদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষামান। আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত চলা এ ভোটানুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা দিয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি ও কারচুপি পরিলক্ষিত হয়েছে।’
নির্বাচনে আরেক অন্যতম এছাড়া প্রতিদ্বন্দ্বী ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তার এই ঘোষণা।
বুধবার রাত সাড়ে ৩টার দিকে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে একথা জানান তিনি।

ওই পোস্টে উমামা লিখেছেন, ‘বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।’
এর আগে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। এ সময় আচরণ বিধিলঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ওঠে বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে।
শিবির সমর্থিত প্যানেলের দুই প্রার্থীর ব্যালটে আগে থেকে টিক দিয়ে রাখার অভিযোগে প্রশাসনের বিরুদ্ধে টিএসসিতে বিক্ষোভ করেছে ছাত্রদল।
ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ অভিযোগ করেন, নীলক্ষেত, শাহবাগ, চানখারপুলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ‘সংঘবদ্ধভাবে অবস্থান’ নিয়েছে।
অন্যদিকে শিবির প্যানেলের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ অভিযোগ তোলেন, নয়টি পয়েন্টে যুবদল এবং বিএনপির নেতাকর্মীরা ‘পাহারা’ দিচ্ছেন।
এরই মধ্যে ‘বিশৃঙ্খলায়’ না জড়াতে ছাত্রদল ও শিবিরকে নিজ নিজ দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
- ০৯:১১
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফলে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দীন খানকে জয়ী ঘোষণা করা হয়েছে।
ভিপি পদে সাদিক কায়েম ১৪,০৪২ ভোট, জিএস পদে এসএম ফরহাদ ১০,৭৯৪ ভোট এবং এজিএস পদে মহিউদ্দীন খান ১১,৭৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
রাতভর ফলাফল গণনার পর নির্বাচন কমিশন বুধবার সকাল ৯টার দিকে এই হালনাগাদ ফলাফল ঘোষণা করে।

- ০৯:০০
১২ হলের ৩ শীর্ষ পদে এগিয়ে শিবির
নির্বাচনের ১২টি হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে, যেখানে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল শীর্ষ তিন পদে এগিয়ে রয়েছে।
ঘোষিত হলগুলো হলো— শামসুন্নাহার হল, মুহসীন হল, এফ রহমান হল, রোকেয়া হল, এসএম হল, জহুরুল হক হল, জগন্নাথ হল, শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল এবং সুফিয়া কামাল হল।
ফলাফল অনুসারে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১২, ১০৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪,৯১৫ ভোট।

মঙ্গলবার রাত পৌনে ২টা থেকে হলগুলোতে পৃথকভাবে ফল ঘোষণা শুরু হয়, তবে শেষ পর্যন্ত চূড়ান্ত ফলাফল ভোর সাড়ে ৪টা পর্যন্ত ঘোষণা করা হয়নি।
এছাড়া, শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এসএম ফরহাদ এবং এজিএস প্রার্থী মহিউদ্দিন খানও এগিয়ে আছেন।
- লাইভ শুরু/ ০৮:৫৪
ডাকসুতে ভিপি সাদিক, জিএস ফরহাদ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফলে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে ভিপি পদে সাদিক কায়েম ও জিএস পদে এসএম ফরহাদকে জয়ী ঘোষণা করা হয়েছে।
রাতভর ফলাফল গণনার পর নির্বাচন কমিশন বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ফলাফল ঘোষণা করে।



