ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিক্রি নিয়ে ২ পক্ষের সংঘর্ষে কিশোর নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিক্রি নিয়ে ২ পক্ষের সংঘর্ষে কিশোর নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচায় বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামে এই সংঘর্ষ হয়।

নিহত রায়হান উত্তরপাড়া এলাকার ছুটুন মিয়ার ছেলে। এ সময় দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে উত্তরপাড়া এলাকার সজীব মিয়া স্থানীয় এক যুবককে ইয়াবা কিনে আনার জন্য ৩০০ টাকা দেন। কিন্তু ওই যুবক তা না করে সেই টাকা দিয়ে বিস্কুট কিনে খেয়ে ফেলেন। এ নিয়ে সজীব মিয়া ক্ষুব্ধ হন এবং একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রুপ নেয়।

খবর পেয়ে মাদকের বিরুদ্ধে কাজ করা স্থানীয় যুবক কামাল, জসিম, দেওয়ান উদ্দিনসহ কয়েকজন মাদক কেনাবেচার বিষয়ে জানতে চাইলে সজীব মিয়ার পক্ষ নিয়ে ক্ষিপ্ত হয়ে তেড়ে আসেন একই এলাকার শাহীন ও রতন মিয়া।

আরও পড়ুন

এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে রাত সাড়ে ১২ টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়ান। রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে কিশোর রায়হান গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সরাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভুঁইয়া বলেন, ‘মাদক সংক্রান্ত বিষয়ের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযান চালিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। সংঘর্ষে রায়হান নামে একজন মারা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে । এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad