নাটক কিংবা চলচ্চিত্র— দুই জায়গাতেই দাপটের সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী ডলি জহুর। বর্তমানে চলচ্চিত্রে কাজ না করলেও নাটকে নিয়মিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন কিছু আক্ষেপের কথা।
সাক্ষাৎকারটিতে তিনি বলেন, ‘বয়স্ক আর্টিস্টদের কেউ পছন্দ করে না। এটা সত্যি কথা আমাদের দেশে।’
‘আজকাল আমার দর্শক আমাকে আর ভালোবাসে না। ভালোবাসে না বলেই চট করে একটা কমেন্ট করে। সেই কমেন্টে যে একটা মানুষের ভিত নড়ে যেতে পারে, সেটা তারা বুঝতে পারে না।’
দীর্ঘ অভিনয় জীবনে সমালোচনার মুখে পড়তে হবে এমনটা কখনো কল্পনায়ও ছিল না এই অভিনেত্রীর। তার কথায়, ‘আমি কখনো ভাবিনি যে কেউ আমাকে নেগেটিভ কোনো কথা বলবে। আল্লাহর কসম, কখনো ভাবিনি আমি। কিন্তু এটাও যে মানুষ বলে, সেটা আমি এখন বুঝতে পারছি। যাই হোক, বুঝে কোনো লাভ নেই। ভালো নাও বাসতে পারে। বয়স হলে বয়স্ক আর্টিস্টদের কেউ পছন্দ করে না, সেটাও সত্যি কথা আমাদের দেশে।’
নিজের প্রাপ্তি আর ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, ‘৫০ বছরে অনেক প্রাপ্তি ছিল, অনেক পেয়েছি, দর্শকের ভালোবাসা পেয়েছি। আমাকে দেখার যে আগ্রহগুলো দেখতাম, ভালো লাগত। কিন্তু এখন জানি না, আমার মারা যাওয়ার পর কেউ দোয়া করবে কি না। কেউ বলবে কি না আহারে বেচারি মারা গেছে! তখন তো দেখতেও পাব না, জানতেও পারব না। যাই হোক, ওসব কথা বলে লাভ নেই।’
জাতীয় চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ডলি জহুর আজীবন সম্মাননাসহ অভিনয়ের জন্য একুশে পদকও পেয়েছেন। টেলিভিশন নাটকে দীর্ঘদিন নিয়মিত কাজ করলেও সিনেমা থেকে অনেকটাই দূরে ছিলেন তিনি। দেড় শতাধিক সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে শক্ত অবস্থানও তৈরি করেছিলেন ডলি জহুর।
প্রায় এক যুগ বিরতির পর আবারও সিনেমায় ফিরেছেন অভিনেত্রী ডলি জহুর। রেদোয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায় দেখা গেছে তাকে।


