সাতক্ষীরায় কাপড়ের ব্যবসায়ীর বাড়ির কেয়ারটেকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৭টার দিকে শহরের ফাল্গুনী বস্ত্রালয়ের মালিক মো. আশরাফুজ্জামানের বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত কেয়ারটেকারের নাম মো. আব্দুর রাজ্জাক (৫৫), তিনি কলারোয়া উপজেলার চন্দপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রামবাহাদুরপুর গ্রামের মৃত শামসুদ্দিন মোল্যার ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানিয়েছে, আব্দুর রাজ্জাক দীর্ঘ ২৫ বছর ধরে ফাল্গুনী বস্ত্রালয়ের মালিকের বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করে আসছিলেন।
বাড়ির মালিক জানিয়েছে, প্রতিদিনের মতো কাজ শেষে রাজ্জাক নিজের কক্ষে ঘুমাতে যান। বুধবার সকালে দীর্ঘ সময় তার কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা জানালার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


