শরীয়তপুরের জাজিরায় ‘বোমা তৈরির সময় বিস্ফোরণের’ ঘটনায় আহত নবী হোসেন (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে মারা যান তিনি।
এর আগে, দুপুরে আশঙ্কাজনক অবস্থায় নবী হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত নবী হোসেন ওই গ্রামের রহিম সরদারের ছেলে। তিনি পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি।
ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রয়েছে। তার মুখ ও দুই হাতে গুরুতর জখম ছিল।
জানা গেছে, বুধবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বিলাশপুর ইউনিয়নের কান্দিগ্রামে একটি পরিত্যক্ত ঘরে হাত বোমা তৈরি সময় বিস্ফোরিত হয়। এতে সোহান বেপারী নামে একজন ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে কিছু দূরে একটি জমি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে জাজিরা থানা-পুলিশ।
এ ঘটনায় নবী হোসেন ও নয়ন হোসেন (২৫) নামে ওই দুইজন গুরুতর আহত হন। আহত নয়ন হোসেন একই গ্রামের জয়নালের ছেলে।
ওই পরিত্যক্ত ঘরের মালিক হলেন, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যানের ভাই নুরুল ইসলাম বেপারী।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদ জানান, ঘটনাটি নিয়ে তদন্ত করা হচ্ছে।


