জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রোববার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন।
আলোচিত এই মামলার বিচার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। দেশে এই প্রথম মামলার কার্যক্রম সরাসরি সম্প্রচার হবে।
শনিবার জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষ্যে ‘গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার কর’ শীর্ষক এক আলোচনা সভা হয়।
সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিকভাবে অভিযোগ (ফর্মাল চার্জ) দাখিল করা হবে।’
পরে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ‘ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে রোববার শেখ হাসিনার মামলার কোর্ট প্রসিডিংস (শুনানি) সকাল সাড়ে ৯টায় বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।’
‘বাংলাদেশের মানুষ এবার প্রথমবারের মতো টেলিভিশনে সরাসরি ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম দেখতে পারবেন। এতে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত হবে।’
এর আগে গত ২০ মে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম নিজের ফেসবুকের এক পোস্টে বলেন, ‘জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য কোর্টরুম ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে। ট্রায়ালের যেকোনা পর্ব আদালতের অনুমতিক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যমে কিংবা সামাজিক মাধ্যমে প্রচারিত হতে পারবে।’
রোববার যে আনুষ্ঠানিক অভিযোগটি ট্রাইব্যুনালে দাখিল করা হবে সেখানে শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করা হয়। গত ১২ মে চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে।


