রাত পোহালেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এর আগে বৃহস্পতিবার রাতে দুঃসংবাদ পেল পাকিস্তান। আনুষ্ঠানিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, বাম হাঁটুর চোটে প্রথম টেস্টে খেলা হচ্ছে না বাবর আজমের।
বিজ্ঞপ্তিতে পিসিবি আরো জানায়, দলের মেডিকেল প্যানেল ইতোমধ্যে বাবরের অবস্থা পর্যবেক্ষণ করছে। যদিও চোটের মাত্রা, ধরন সম্পর্কে এখনো কিছু জানায়নি পিসিবি।
এর আগে বৃহস্পতিবার দুপুরে দলের সাথে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে ব্যাটিং অনুশীলন করেছেন বাবর। ছিলেন ওয়ার্ম আপ সেশনেও। বাংলাদেশ সফরে এসেছেন পেশোয়ার জালমির হয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জিতে। দুই সেঞ্চুরিতে ৫৮৮ রান করে হয়েছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। কিন্তু টি-টোয়েন্টির এই ফর্ম টেস্ট ক্রিকেটে ধরে রাখার সুযোগ পেলেন না বাবর।
বাবর রানে ফেরায় দলের অধিনায়ক শান মাসুদও মুখিয়ে ছিলেন মিরপুর টেস্টে তাকে পারফর্ম করতে দেখতে। সংবাদ সম্মেলনে এই ডানহাতি ব্যাটারকে নিয়ে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘পাকিস্তানের সেরা ক্রিকেটারদের একজন বাবর আজম। তাকে রানে ফিরতে দেখা দলের জন্য স্বস্তির ব্যাপার। আশা করছি পিএসএলের এই ফর্ম সে আসন্ন টেস্ট ম্যাচগুলোতেও ধরে রাখতে পারবে।’
মিরপুর টেস্ট দিয়েই লাল বলের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে ২০২৫ সালের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে, পাকিস্তানের শেষ অ্যাসাইনমেন্ট ছিল একই বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে দুই দল ২০২৪ সালের পর মুখোমুখি হচ্ছে এবারই প্রথম।


