আদালত অবমাননার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান।
বুধবার দুপুরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে লিখিত আবেদনে তিনি ক্ষমা চান বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
তাজুল ইসলাম জানান, অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করা হয়েছিল। তিনি রেজিস্ট্রার কার্যালয়ের মাধ্যমে ট্রাইব্যুনালে লিখিত আবেদন করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এ বিষয়ে আগামী ৮ ডিসেম্বর শুনানি হওয়ার কথা রয়েছে।
আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে আগামী ৮ ডিসেম্বর আদালতে স্বশরীরে হাজির হয়ে উত্থাপিত অভিযোগের ব্যাখ্যা দিতে বলা হয়।
এ সময় তাকে নিজের সকল একাডেমিক সনদ ও আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিল প্রদত্ত সনদও নিয়ে আসতে বলেছে ট্রাইব্যুনাল।
এর আগে, ৩০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে ফজলুর রহমানকে তলব করে আদালত।
প্রসিকিউশনের আবেদনের শুনানি করে সেদিন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আদেশ দেয়।
এ ছাড়া আদালত অবমাননার অভিযোগে ফজলুর রহমানের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়।
২৬ নভেম্বর ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে আদালত অবমাননার অভিযোগ করে প্রসিকিউশন।
মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির রায়ের পর সম্প্রতি একটি টেলিভিশনের টকশোতে ফজলুর রহমান ট্রাইব্যুনাল ও রায় নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এর সূত্র ধরে ট্রাইব্যুনালে প্রসিকিউশন আদালত অবমাননার অভিযোগ করে।


