কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন টাইমস অব বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক সাবরাং সংলগ্ন নাফ নদীতে একটি অভিযান চালানো হয়।
ওই এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত নৌকা থামিয়ে তল্লাশি করা হয়। পরে সেখান থেকে ২৫ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়।
আরও জানানো হয়েছে, জব্দ করা ইয়াবা ও পাচারের কাজে ব্যবহার করা নৌকাসহ আটক মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


